সুমন ভট্টাচার্য ( ময়মনসিংহ) :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা হম্মি-তম্ভি করেন, কর্তৃত্ববাদীতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তারা মনে রাখবেন নিরঙ্কুশ কেবল মহান রাব্বুল আল আমিন। এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাবেন না। সোমবার(১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ টাউনহল মুক্তমঞ্চে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন প্রতিহত করার যে কোনো ষড়যন্ত্র দেশীয় বা আন্তর্জাতিক বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ রুখে দেবে। জনগণের ভোটে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবেন, ইনশাল্লাহ। তিনি ঘোষণা দেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।
অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ তিন জেলা, উপজেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে টাউনহল মুক্তমঞ্চ থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে আরেকটি পৃথক র্যালি বের হয়। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও শ্লোগানে শ্লোগানে পুরো নগরী মিছিলে মুখরিত হয়ে ওঠে।