হারন-অর-রশিদ বাবু(রংপুর):
আওয়ামীলীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোন মামলা-মোকাদ্দমা নাই। তাকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি তারা জাতীয় পার্টিতে যোগ দিলে, আমাদের ক্যানডিডেট ক্রাইসিসকে ওভারকাম করবে তবে তারা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। আজ শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় ,তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোন সহিংসতার কোন আলামত না থাকে তাহলে দেব না (মনোনয়ন) কেন অবশ্যই দেব। ফরিদপুর,গোপালগঞ্জসহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব।
তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্স এ নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণধিকার পরিষদ দলগুলো থাকতে চায় আরেকদিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হবে। তাহলে একক নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে।
তিনি বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবেনা জামায়াতে ইসলামী। এরকম একটা খোঁড়া অজুহাত খুজে বিএনপিকে বিপদে ফেলার জন্য চেষ্টা। এজন্য সব দলের অংশগ্রহন নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি।
এসময় দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।