নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ
গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ প্রদান করেন।
বিষয়টি গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান আমাদের কন্ঠ কে নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ পদান করেন। তিনি আরো জানান, আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব।
উল্লেখ্য, গত শনিবার রাতে, সদর থানার ৪ উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেন। তিনটি মামলার পতিটিতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ জন করে। পাশাপাশি রমজান কাজী হত্যা মামলার বাদী মামলায় অজ্ঞাতনামা আসামি করেছে ৯০০ জনকে।