টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে বরগুনার নিম্নাঞ্চলের মানুষ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পরেছে বরগুনার জনজীবন। জেলার বিভিন্ন সড়ক, বাজার ও গ্রামীণ জনপদ হয়ে গেছে জলমগ্ন । ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।জলমগ্নতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের চলাচল। ব্যাহত হচ্ছে তাদেও দৈনন্দিন জীবনযাত্রা । দোকানপাট কম খোলায় এবং যাতায়াতে অসুবিধা হওয়ায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। কারণ তাদের জীবন ও জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেও বাইরে বের হতে হচ্ছে। লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানেই জনজীবনকে বিপর্যস্ত করেছে।

বৃহস্পতিবার ২অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েছে। এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহরে ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপের কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন