হারুন-অর-রশিদ বাবু, রংপুর
উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে, রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা তিস্তা নদীর ডান তীর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এরই মধ্যে আমরা, তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে কয়েকটি গণশুনানি করেছি। এলাকার মানুষ যেভাবে মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায়, সেই ভাবেই কাজ করবে সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) পাঞ্জরভাঙ্গা এলাকায় জিও ব্যাগ ফেলে তিস্তা নদীর ভাঙ্গন রোধের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারের সাথে চুক্তি হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্যান্য কাজ গুলো শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা- রেজওয়ানা। তিনি বলেন তিস্তা নদী রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ চলমান আছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমরা অন্তর্বতীকালীন সরকার তিস্তার ভাঙ্গনরোধে ৪৫ কিলোমিটাররে জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল। ১৯ কিলোমিটারের পাওয়া গেছে যেটার কাজ চলমান। অবশিষ্ট ২৬ কিলোমিটার কাজের অর্থ পাওয়া গেছে সেটার কাজও শুরু হবে। আর অন্য যেসব কাজ থাকবে আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তার কাছ থেকে বুঝে নিবেন।
এসময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।