নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামীর সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ