নান্দাইলে শিশুকন্যার সামনে দলবদ্ধ ধর্ষণ প্রধান আসামি গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
নান্দাইল উপজেলা-এ তিন বছরের কন্যা সন্তানের সামনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। র‍্যাব জানায়, গত ২০ এপ্রিল গভীর রাতে সংঘটিত এই নৃশংস ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৪ মে বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৭-এর সহযোগিতায় ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কাজল (৩৫)- কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী (২৬) গত ১৯ এপ্রিল শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে গিয়ে ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছান। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে সেখানে অবস্থানকালে আসামি কাজল অটোরিকশায় এসে প্রলোভন দেখিয়ে তাকে তুলে হাওরের নির্জন এলাকায় নিয়ে যায়। পরে কাজলসহ অজ্ঞাতনামা ৪-৫ জন মিলে রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত শিশুটির সামনেই তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ সময় স্থানীয়দের মাঝে উপস্থিত থাকলেও ভুক্তভোগী তাকে শনাক্ত করলে আসামি সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-২৪, তারিখ: ২৬ এপ্রিল ২০২৬)। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ