হারুন-অর-রশিদ বাবু(রংপুর):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে রংপুর সেক্টরের আওতায় সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর পার্কের মোড়ে স্থাপিত বিজিবির নিরাপত্তা চৌকি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কর্নেল শফিকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সেক্টরে প্রায় ৩ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, রংপুর বিভাগের ৬২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র পাচার ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকালীন সময়ে জনমনে আস্থা সৃষ্টি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিদর্শন শেষে কর্নেল শফিকুর রহমান নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিজিবি রংপুর সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ