প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যা বললেন ৭ দলের নেতারা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘আজকের বৈঠক ছিল দেশ ও জাতির ক্রান্তিলগ্নে। আমরা উপদেষ্টামণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছি। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ছিল, তারা জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। যে লাউ সেই কদু করে নির্বাচন দিলে এবারও জাতির প্রত্যাশা পূরণ হবে না। ঐকমত্য কমিশনে ২৬টি দল পিআরের পক্ষে মত দিয়েছে। দেশের দুর্নীতি সন্ত্রাস, ভোট ডাকাতি, এককভাবে নির্বাচন, ডামি প্রার্থী এগুলো মোকাবিলার জন্য প্রয়োজন পি আর পদ্ধতিতে নির্বাচন। পি আর পদ্ধতি নির্বাচন না দিলে গণভোটের ব্যবস্থা করেন। জিয়াউর রহমান, এরশাদ সাহেবকে চায় কি চায় না এর জন্য গণভোট হয়েছে। তারা বলেছেন, এসব বিষয়ে চিন্তাভাবনা উনারা করবেন।

আশরাফ আলী আকন আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। এখনই সন্ত্রাস বন্ধ করতে পারে না যখন ৩০০ আসনে নির্বাচন হবে তখন সন্ত্রাস, জালভোট কীভাবে বন্ধ করবে? লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের সকল দলের রাজনীতি নিষিদ্ধ চেয়ে তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের আগে সংস্কার চাই, বিচার চাই। সংস্কার, বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সঠিক নির্বাচন যাতে না হয় এ জন্য একটা শক্তি ষড়যন্ত্র করছে এ জন্য তিনি আমাদের ডেকেছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুর রহমান ইসলামাবাদী বলেন, ‘আমরা দাবি জানিয়েছি, সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে। জুলাই সনদে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে তা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত ক্রিমিনাল, দোসর তাদের গ্রেপ্তার করুন। প্রশাসনের মধ্যে যারা আছে তাদের বহিষ্কার করুন।’

নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেন, ‘মাননীয় উপদেষ্টা আমাকে ডেকেছিলেন নুরের খোঁজখবর নেওয়ার জন্য। উনি খবর নিয়েছেন এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার শারীরিক অবস্থার বিবেচনা করে তাকে বাইরে উন্নত চিকিৎসার কথা বলেছেন। গতকাল দুপুর পর্যন্ত ছিল কিন্তু বিকেল থেকে আবারও নাক থেকে ব্লিডিং হচ্ছে। কথা বলতে গেলে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে না। এখনো শারীরিক অবস্থা ভালো না।’

বৈঠকে অংশ নেওয়া দলগুলো সাতটি দল হলো—এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ