মো:সুমন হোসেন(বরিশাল):
বরিশাল নগরীতে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির বাসিন্দা শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) এবং আলিফ (১৬)। পুলিশ জানিয়েছে, তারা সবাই শিক্ষার্থী।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাতে নগরীর বগুড়া রোড এলাকার একটি চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে সিগারেট কিনতে যান শাওন ও আলিফ। তবে নোটটি সন্দেহজনক মনে হলে দোকানদার তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেন । পরবর্তীতে স্থানীয়রা তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ সময় দেহ তল্লাশি চালিয়ে ওই দুই কিশোরের কাছ থেকে আরও সাতটি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে শাওনের দেয়া তথ্যমতে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়, যেখানে বিপুল পরিমাণ জাল টাকার ১০০ ও ৫০ টাকার নোট পাওয়া যায়। এসময় জাল টাকা তৈরির জন্য ব্যবহৃত একটি কম্পিউটার ও প্রিন্টারও জব্দ করা হয়। তানভীরের দেয়া তথ্য অনুযায়ী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভি কে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ