বরিশাল ব্যুরো:
বরিশাল বিভাগের ২১টি আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অনলাইনে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বরিশালের ২০টি আসন থেকে এবার মোট ৬০ জন মনোনয়ন প্রত্যাশী বৈঠকে অংশগ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকের পর দক্ষিণাঞ্চলের আসনগুলোতে মনোনয়ন ঘোষণা শুরু হবে চলতি মাসের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে।
দলের কেন্দ্রীয় সূত্র জানায়, বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের অভ্যন্তরীণ আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তা যাচাই করে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন ছাড়া সব আসন থেকে প্রার্থীদের ডাকা হয়েছে। ওই আসনের বিষয়ে স্থানীয় বিরোধ ও মনোনয়নসংক্রান্ত জটিলতা থাকার কারণে সরাসরি দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।
সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত অনুষ্ঠিত সাক্ষাতকার প্রক্রিয়ায় বরিশাল বিভাগের ২১ আসনের প্রায় সাড়ে ৩শ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ৫৩ জনকে ডাকা হয়েছিল। এবার সরাসরি বৈঠকে উপস্থিত থাকবেন আন্দোলনে সক্রিয় ও জনপ্রিয় নেতারা।
কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। মনোনয়ন চাইলেই সবাই পাবেন না। দলের পদ্ধতি অনুযায়ী মাঠপর্যায়ের রিপোর্ট, সাংগঠনিক মূল্যায়ন ও কেন্দ্রীয় টিমের তথ্য মিলিয়ে প্রার্থী বাছাই হবে। আমাদের লক্ষ্য ‘ধানের শীষের বিজয়’।”
বৈঠকে যোগ দিতে মনোনয়ন প্রত্যাশীদের বিকাল ৩টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গুলশান কার্যালয়ের আশপাশে যানজট এড়াতে গাড়ি এক কিলোমিটার দূরে রেখে বাকি পথ হেঁটে বা বিকল্প বাহনে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে ডাক প্রাপ্তরা (বরিশাল বিভাগের ২১ আসন থেকে নির্বাচিত কিছু উদাহরণ)
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, অ্যাড. কামরুল ইসলাম সজল
বরিশাল-২: সরফুদ্দিন সান্টু, কাজী দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু, সাইফ মাহমুদ জুয়েল
বরিশাল-৪: রাজীব আহসান, মেসবাহউদ্দিন ফরহাদ, অ্যাড. হেলালউদ্দিন, আব্দুল খালেক হাওলাদার
পিরোজপুর-১: নজরুল ইসলাম খান, অধ্যক্ষ আলমগীর হোসেন, সাইদুল ইসলাম কিসমত, এলিজা জামান
ভোলা-১: গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেনিন, রাইসুল ইসলাম, শফিউর রহমান কিরন
পটুয়াখালী-১: স্নেহাংশু সরকার কুট্টি, আলতাফ হোসেন চৌধুরী
বৈঠকের মাধ্যমে বরিশাল বিভাগের মনোনয়ন তালিকা চূড়ান্ত হওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতি আরও দৃঢ় হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম