বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রদান, যুগোপযোগী কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সড়কে আলু ফেলে মানববন্ধন করেছে কৃষকেরা।
বুধবার বিরামপুর পৌর শহরে ঢাকা মোড়ে প্রধান সড়কে উত্তরবঙ্গ কৃষক মঞ্চের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন উপজেলার কৃষক, শ্রমজীবী মানুষ ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিই দেশের প্রাণশক্তি, অথচ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন কৃষকেরাই। একজন কৃষক জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ, সব মিলিয়ে বিপুল ব্যয়ে ফসল উৎপাদন করেন; কিন্তু বাজারে এসে সেই ফসলের ন্যায্যমূল্য পান না। এতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে, অনেকেই কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন।
বক্তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষককে বাঁচাতে হবে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে এবং কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে যৌক্তিক নীতি গ্রহণ করতে হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ