বিশ্বব্যাংকের নাম-লোগোতে প্রতারণা,এক সদস্য গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

ভুয়া ওয়েবসাইট খুলে বিশ্বব্যাংকের নাম ও পরিচয় ব্যবহার করে অনলাইনে কম সুদে ঋণ প্রদানের প্রতারণামূলক প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। এ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)ইউনিট । প্রতারক চক্রের সদস্যরা সাধারণ জনগণের সাথে প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেদেরকে বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচির প্রতিনিধি পরিচয় দেয়। তারপর নিজেদেরকে “লোন অফিসার, এমএসএস ইউনিট, কার্ড ডিভিশন, হেড অফিস, ঢাকা, World Bank” পদবিতে পরিচয় দিয়ে ২% সুদে ১০ লাখ টাকা ঋণ অনুমোদনের প্রলোভন দেখায়। পরবর্তীতে প্রতারকরা ভিকটিমদেরকে “https://bdworldloanprojectcw.com” নামের একটি ভুয়া ব্যাংকিং ওয়েবসাইটের লিংক পাঠিয়ে সেখানে আবেদন করতে বলে এবং বিভিন্ন চার্জ, ভ্যাট, ইন্সুরেন্স ও প্রক্রিয়াকরণ ফি বাবদ একাধিকবার টাকা পাঠাতে বাধ্য করে

এভাবেই বিকাশ ও নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ২ লাখ ৪৭ হাজার ৪৪৮ টাকা ধাপে ধাপে প্রদান করে প্রতারণার শিকার হয়ে একজন ভুক্তোভোগী ডিএমপি ঢাকার শাহজাহানপুর থানার মামলা নং- ০৫, তারিখ- ০৯/১০/২০২৫ খ্রি., ধারা- ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু করেন। মামলাটির তদন্তভার গ্রহন করে সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মূল সক্রিয় সদস্য লক্ষীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন (৩৫) ‘কে শনাক্ত করে। পরবর্তীতে ২৮/১১/২০২৫ তারিখ ভোরে  রায়পুর থানাধীন ৪ নং সোনাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাজাবিয়া হাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন, একাধিক বিকাশ ও নগদ এজেন্ট অ্যাকাউন্ট, এবং ব্যক্তিগত তথ্যসহ মোট ৯টি মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জব্দ করা হয়।

গ্রেপ্তার কজে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে বেরিয়ে এসেছে, গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন একটি আন্তর্জাতিক “বিনিয়োগ ও ঋণ প্রতারণা” চক্রের অংশ, যার মূল হোতা বিদেশে অবস্থান করছে। এই চক্র বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম, লোগো, ওয়েবসাইট ও ভুয়া পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ভুক্তভোগীর কাছ থেকে অনলাইনে টাকা আত্মসাৎ করে আসছে।

এ বিষয়ে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি সাধারণ জনগণকে সতর্ক করে জানিয়েছে যে, কোনো সরকারি প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থা কখনোই ফেসবুক, অচেনা নম্বর বা সন্দেহজনক ওয়েবসাইট ব্যবহার করে ঋণ প্রদান করে না। যদি কোনো ব্যক্তি বা সংস্থা “ফি, ট্যাক্স, চার্জ বা ভেরিফিকেশন কস্ট” এর নামে টাকা চায়, তবে সেটি নিঃসন্দেহে প্রতারণা। সুতরাং সন্দেহজনক কোনো অনলাইন অফার দেখলে অথবা প্রতারণার শিকার হলে, জনসাধারণকে দ্রæত সাইবার পুলিশ সেন্টার, সিআইডিতে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হলো।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ