সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ):
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” শ্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয়—এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি এবং জাতির পুষ্টির অন্যতম প্রধান উৎস। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত বহুমুখী সম্পদসমৃদ্ধ, যা বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, খামারিদের উৎপাদন প্রক্রিয়ায় নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের মানুষ নিজেরাই গ্রহণ করে। তাই উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা ও উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম