ময়মনসিংহে বিশ্ব কুষ্ঠরোগ দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ) ঃ
কুষ্ঠরোগ কোনো অভিশাপ নয়, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য তবুও সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে আজও অনেক মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। এই কঠিন বাস্তবতা তুলে ধরতেই “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা” প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব কুষ্ঠরোগ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ অফিসে গিয়ে শেষ হয়। র‍্যালিতে কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।
র‍্যালি শেষে পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন ডাঃ প্রদীপ কুমার সাহা, পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ বিভাগ এবং ডাঃ ফয়সল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, ময়মনসিংহ।
বক্তারা বলেন, কুষ্ঠরোগ আজ চিকিৎসাবিজ্ঞানে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য হলেও সামাজিক কুসংস্কার, ভয় ও অবহেলার কারণে রোগীরা লুকিয়ে থাকছেন। ফলে রোগ শনাক্তে বিলম্ব হচ্ছে এবং সমাজে অযথা আতঙ্ক ও বৈষম্য তৈরি হচ্ছে। এই মানসিকতা ভেঙে ফেলতে এখনই সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। তারা আরও বলেন, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সামাজিকভাবে একঘরে করার প্রবণতা বন্ধ না হলে নির্মূল কার্যক্রম বাধাগ্রস্ত হবে। কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ