মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নে টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় ৯০ মিটার রাস্তা হেরিংবোন বন্ড (এইচবিবি) করণের কথা থাকলেও, সেখানে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রমজান আলী মন্ডলের বিরুদ্ধে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, লতিবপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার রাস্তা সংস্কারের কাজ বরাদ্দ দেওয়া হয়। কাজটির তদারকি ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন ইউপি সদস্য রমজান আলী মন্ডল। কিন্তু কাজ শুরু থেকেই তিনি সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজে ব্যবহৃত ইটগুলো অত্যন্ত নিম্নমানের (২য় ও ৩য় শ্রেণীর)। অনেক জায়গায় বালির পরিবর্তে মাটির মিশ্রণ স্পষ্ট। এলাকাবাসীর অভিযোগ, কাজ শেষ হতে না হতেই রাস্তার বিভিন্ন অংশ থেকে ইট উঠে যাচ্ছে। রাস্তাটির নির্মাণশৈলী নিয়েও উঠেছে প্রশ্ন। কোথাও রাস্তা অতিরিক্ত উঁচু, আবার কোথাও নিচু হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সঠিক লেভেলিং না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মিরাজ ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সরকারি টাকা দিয়ে আমাদের সুবিধার জন্য রাস্তা করা হচ্ছে, অথচ মেম্বার নিজের পকেট ভারী করতে একদম বাজে ইট দিয়ে কাজ সারছেন। শাহীন নামে আরেকজন জানান, রমজান মন্ডল মেম্বার ২য় ৩য় শ্রেণীর ইট দিয়ে রাস্তার কাজ করতেছেন। হাত দিয়ে টান দিলেই ইট উঠে আসছে। আমরা বাধা দিলেও তিনি কারও কথা শুনছেন না।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রমজান আলী মন্ডল অভিযোগের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে নিম্নমানের ইটের ব্যবহারের দৃশ্যমান প্রমাণ থাকা সত্তে¡ও তিনি দাবি করেন, বরাদ্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সরকারি কাজে অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। যদি প্রকল্পের সিডিউল বহির্ভ‚ত বা নিম্নমানের কাজ হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী উন্নত মানের ইট দিয়ে পুনরায় রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ