রাজাপুরের খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এখন মরণফাঁদ

রাজাপুরের খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এখন মরণফাঁদ
রাজাপুরের খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এখন মরণফাঁদ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রাজাপুর (ঝালকাঠি)প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ গর্ত ও খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী, গাড়ি চালকসহ যাত্রীরা।

সরজমিন দেখা গেছে, উপজেলার বাগড়ি বাজার এলাকার পুরো সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত, কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি। বিশেষ করে বাগড়ি বাজার এলাকার নতুন পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে বাগড়ি ব্র্যাক অফিস, দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক, বাগড়ি ভূমি অফিস, মেডিকেল মোড়, বলাইবাড়ি ও পিংড়িসহ উপজেলার অন্তত ১৫ কিলোমিটার সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এই করুণ অবস্থা। প্রতিদিন যানবাহন ও কয়েক লাখ মানুষ এই রাস্তায় চলাচল করে। অথচ স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়, দুর্ঘটনা লেগেই থাকে। ভাঙা সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কারোরই নজর নেই।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েক দিন পর পর নামামত্র পিচ ও পাথর দিয়ে বালু দিয়ে ঢেকে রাখে। তা ক’দিন পর পর উঠে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তাই সঠিক নিয়মে পিচ ও পাথর দিয়ে ঢালাই দেয়ার জন্য কার্যকর পদক্ষেপ ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে খুলনা-বরিশাল মহাসড়ক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক। বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও খুলনা বিভাগের অনেক জেলার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াতসহ রাজাপুরসহ আশপাশের জেলাগুলোর সঙ্গে রাজধানী ও বিভাগীয় শহরের সংযোগ রক্ষাকারী এই মহাসড়কের বেহাল অবস্থার কারণে সার্বিক যাতায়াতে ব্যাঘাত ঘটছে। জনগণের ভোগান্তি কমাতে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান বলেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণের আওতায় নিয়মিত সংস্কার করা হয়। বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় সড়ক জুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত, কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি। এ কারণে সড়কের যে ক্ষতি হয়েছে তা দ্রুতই মেরামত করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ