নিজস্ব প্রতিবেদক :
রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ ওরফে আনোয়ার ভূঁইয়ার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। অবৈধভাবে জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রতিবাদে প্রকৃত জমির মালিক ভুক্তভোগী মোজাহারুল হক শহীদ রূপগঞ্জ থানায় ইউসুফগঞ্জ এলাকার আহসান উল্লাহ মাস্টারের ছেলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলে রূপগঞ্জ থানার ইছাপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ঘটনাস্থল পরিদর্শনে এসে ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে এসআই রবিউল ভূমিদস্য বিএনপি নেতা আনোয়ার হোসেন আব্দুল্লাহকে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ জানালেও বিএনপি নেতা আনোয়ার তাতে কোন কর্ণপাত না করে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সন্ত্রাসী বাহিনী নিয়ে নালিশি সম্পত্তিতে বাউন্ডারি দেওয়াল নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
ঘটনাসূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার পশি মৌজার অন্তর্গত ৫১৭ দাগের আরএস ৬৮২ নং দাগের ষোল আনার ৩ একরের ৯৫.৫ শতাংশ বাড়ি ভূমির কাতে দশমিক শুন্য পাঁচ একর অত্র দলিলের সাফ বিক্রিত সম্পত্তি। উত্তরে অত্র দলিল গ্রহীতা দক্ষিণে অত্র দলিল দাত্রীর জমি পূর্বে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল প্রকল্প পশ্চিমে অত্র দলিল দাত্রীর জমি। যার জোত নাম্বার ২০৫৩।
গত ২০০৪ সালে সাব কবলা দলিল মূলে মালিক হওয়ার পর এই জমিতে ভোগ দখলে রয়েছেন মোজাহারুল হক শহীদ। অথচ ২২ অক্টোবর মঙ্গলবার সরজমিনে দেখা যায়, জোরপূর্বক স্থানীয় সন্ত্রাসী ও মাস্তানদের সাথে নিয়ে বেআইনিভাবে জমিতে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করছে এই বিএনপি নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আব্দুল্লাহ নিজেকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় সন্ত্রাসী ও মাস্তানদের যোগসাজশে সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছেন। যেখানে সেখানে দেয়াল তুলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করা এখন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, প্রশাসন এবং রাজনৈতিক ছত্র-ছায়ায় সে এসব কাজ করে যাচ্ছে নির্ভয়ে। এলাকার নিরীহ মানুষদের দিনের পর দিন দখলদারিত্ব ও পেশীশক্তির ভয় দেখিয়ে হয়রানীর শিকার করা হচ্ছে হরহামেশাই।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, মোজাহারুল হক শহীদ এর প্লটের ভেতরে নির্মিত দেয়ালটি সম্পূর্ণ অবৈধ এবং এটি সরকারি নকশা ও রাস্তাঘাটের নিয়ম ভঙ্গ করে গড়ে তোলা হচ্ছে।
এমতাবস্তায়, অবৈধভাবে জমি দখল করে বেআইনিভাবে স্থাপনা নির্মানের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন আব্দুল্লাহ ওরফে আনোয়ার ভূঁইয়ার রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অর্জিত অবৈধ সম্পদের সাতকাহন খুব শীঘ্রই আসছে পরবর্তী প্রতিবেদনে, চোখ রাখুন আমাদের কন্ঠে।