রেজাউল করিম(সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। রোববার দুপুর রায়গঞ্জের ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে এলাকার উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভিপি আয়নুল হক তার লিখিত বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে যে সব অপপ্রচার চালানো হচ্ছে তা রাজনৈতিকভাবে আমাকে ও বিএনপিকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। নির্বাচনের আগে একটি বিশেষ মহল আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। ভিপি আয়নুল হক আরও বলেন, আমি সবসময় জনগণের কল্যাণে, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছি। আমার রাজনীতি সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। কোনো বেআইনি, অনৈতিক বা দলের আদর্শবিরোধী কর্মকান্ডে আমি কখনো জড়িত ছিলাম না এবং হবও না। তিনি সাংবাদিকদের প্রতি আহŸান জানিয়ে বলেন,যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরুন, তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, কারণ সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্দুল বাতেন, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ উপজেলা বিএনপির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক তৈয়ব আলী, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার প্রমুখ। এ সময় রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম