সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় রিয়া মনি (২১) নামে এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী আদিল (২৭)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আদিল গত ৮ বছর ধরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র্যাংগস গ্রæপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামে। বাবার নাম বাদশা মিয়া। প্রায় ১১ মাস আগে একই জেলার শেখপাড়া (মন্ডলবাড়ি) এলাকার হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর দম্পতি র্যাংগস গ্রæপের আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন।
নিহতের স্বামী আদিল জানান,সকাল সাড়ে ৮টার দিকে আদিল তার স্ত্রীর জন্য নাস্তা আনতে বের হন এবং সকাল ৯টার দিকে দুইটি পরোটা নিয়ে কোয়ার্টারে ফিরে আসেন। এ সময় তিনি রুমে ঢুকে দেখেন, ধারালো অস্ত্রের আঘাতে রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দেওয়া রক্তাক্ত লাশ খাটে পড়ে আছে। রুমে কাউকে না দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও র্যাংগসের নিরাপত্তা কর্মীরা সেখানে পৌঁছান। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, প্রাথমিকভাবে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এই হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।