হিলিতে দুই সেমাই কারখানায় জরিমানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর)
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় বুধবার (৪ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুইটি সেমাই কারখানায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, যথাযথ লাইসেন্স ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা ছাড়াই খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া কাঁচামাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী কারখানা দুইটিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং দ্রুত লাইসেন্স গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, খাদ্যপণ্য উৎপাদনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রমজানকে সামনে রেখে বাজারে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীরা যাতে অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন