নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ
কেরানীগঞ্জে প্রায় কোটি টাকার মূল্যের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃৃতরা হলেন, জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মো. সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)।
মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তরে এক সাংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারা যায় যে, কক্সবাজার থেকে নিউ বলেশ্বর নামক একটি এসি বাসে করে মাদকের একটি বড় চালান নিয়ে চারজন মাদক ব্যবসায়ী কেরানীগঞ্জ হয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাাজা এলাকায় ওৎ পেতে থাকে। পরে বর্নিত বাসটি টোল প্লাজার সামনে আসলে বাসটি থামিয়ে আভিযানিক দলটি তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ১১ লাখ ২১ হাজার টাকা মূল্যমানের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-১০ জানায়, জ্যোতি খাতুনের শরীরে শালীনভাবে তল্লাশি চালিয়ে হলুদ টেপে মোড়ানো তিনটি ব্যাগের মধ্যে ১৮৬টি এয়ারটাইট প্যাকেট থেকে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রানা বেগের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা এবং অন্য আসামিদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃৃতরা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।