শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলা খানা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন বসুনিয়া, জুলাই যোদ্ধা সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, এনসিপি সংগঠক আতিকুর রহমান, ছাত্রশিবির ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের নেতাকর্মীরা। বক্তারা নুরের ওপর এমন হামলাকে ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অবস্থান নেন। জাপা নেতাকর্মীরাও এ সময় কার্যলয় ও সংলগ্ন চত্বরে উপস্থিত ছিলেন। দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু এক পর্যায়ে জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। জেলা জাপা সভাপতি সারোয়ার হোসেন শাহীন বিকালে এক বিবৃতিতে এই হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তার দাবি করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ