চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো সফিকুল ইসলাম সফিক ও সেলিম রেজা নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে প্রথমে সফিকের ও সন্ধ্যায় সেলিম রেজার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হল-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম সফিক ও একই গ্রামের মৃত মর্তুজার ছেলে সেলিম রেজা।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার করেন সফিকুল ইসলাম ও সেলিম রেজা এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। আজ পদ্মা নদীতে মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহ শনাক্ত করেন স্বজনরা । তাদের দুইজনের পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো।
স্থানীয়দের দাবি- ভারতীয় বিএসএফ এতোদিন গুলি করে হত্যা করতো। এখন হত্যাকান্ডের কৌশল পরিবর্তন করে অপরাধ ঢাকতে নির্যাতণ করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ নদীতে ভাঁসিয়ে দিচ্ছে তাদের তাদের।
মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছিল তারা মরদেহ উদ্ধার করেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ৫৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।