এস এম আলমগীর হোসেন (কলাপাড়া)
জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আইয়ুব ভূইয়া বলেছেন, ‘মফস্বলের প্রেসক্লাব গুলোকে এক ছাতার নীচে নিয়ে আসার জন্য আমরা কাজ শুরু করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা প্রথম পর্যায়ে বিভাগীয় প্রেসক্লাব গুলোর সভাপতি, সম্পাদককে পদাধিকার বলে জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ দেয়ার চিন্তা করছি। এলক্ষ্যে ইতিমধ্যে খুলনা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। শনিবার পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জসিম পারভেজের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন মাসুম, সিনিয়র সাংবাদিক মীর আবদুল আলেম, মো. শাহাবুদ্দিন সিকদার। এ সময় মফস্বল সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারন সম্পাদক অমল মূখার্জী, সাংবাদিক গোফরান পলাশ, চঞ্চল সাহা, রাসেল কবির মুরাদ, এসকে রঞ্জন প্রমূখ। #