আক্তারুল ইসলাম
সাতক্ষীরা জেলা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। সে ঐ গ্রামের মৃত আনছার শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের আঃ গফুর মোল্লার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা, জুতা দেখা গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন রয়েছে ।
নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে এসে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তবে তার গলায় দাগ থাকার বিষয়টি রহস্যজনক।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।