আলমগীর হোসেন(কলাপাড়া) পটুয়াখালী:
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃক বেড়িবাঁধ প্রশস্ত করে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণের ফলে উচ্ছেদের শঙ্কায় থাকা জিয়া কলোনীসহ ভূমিহীন ১৩৬টি পরিবারের যথাযথ পুনর্বাসন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশনের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত খাস জমিতে স্থানান্তরিত প্রথম পর্যায়ের ২২টি পরিবার ছয় মাস ধরে বসবাস করলেও এখনো সেখানে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগ, চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি। অন্যদিকে বাকি পরিবারগুলোর জন্য আন্দারমানিক নদীর তীর ঘেঁষে নদীর অংশ ভরাট করে পুনর্বাসনস্থল নির্ধারণ করা হয়েছে-যা বসবাসের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ।
বক্তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পরিবারগুলোকে জোরপূর্বক বাড়িঘর সরাতে চাপ দিচ্ছে। অবিলম্বে প্রথম পর্যায়ের ২২টি পরিবারের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং অন্যদের জন্য নদী থেকে নিরাপদ দূরত্বে পুনর্বাসনের দাবি জানান তারা।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম