সুমন ভট্টাচার্য (প্রতিনিধি):
ময়মনসিংহে মাত্র তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়ভাবে আতঙ্কের পাশাপাশি অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তবে এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “সমাজের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশের গায়ে হাত তুললে কাউকে ছাড় দেওয়া হবে না।
২২ আগস্ট নগরীর কৃষ্টপুর এলাকায় দুই পরিবারের বিরোধ মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে ২৫ আগস্ট হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্তে গেলে থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম হামলার শিকার হন। এ সময় আসামি আব্দুর রশিদ (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৬) পুলিশের ওপর হামলা চালান। পরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাগর সরকার জানান, মামলার তদন্তে গেলে আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদীকে গালমন্দ করে এবং প্রতিবাদ জানালে পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। পরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার পর আসামি পক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং সরকারি কাজে বাধা কোনোভাবেই সহ্য করা হবে না।তিন দিনের ব্যবধানে দুটি হামলার ঘটনায় পুলিশ সদস্যরা ক্ষুব্ধ হলেও কর্তৃপক্ষ বলছে—আইনের শাসন রক্ষায় কঠোর অবস্থানেই থাকবে পুলিশ।