বরগুনায় ১৩ জেলের কারাদন্ড

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান
নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় মাছ শিকার করায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় শিকার করা ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ মণ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ট্রলার মালিক রিপন মীরকে ১৫ দিন এবং বাকি ১২ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত বরগুনা সদর উপজেলার নলটোনা নামক এলাকার বিষখালী নদীর বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডিত জেলেরা হলেন- মোঃ পালাশ, মোঃ আউয়াল, মোঃ মনির, সাগর, ছগীর, মোঃ নুরুজ্জামান, রাকিব, রিপন মীর, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন সিকদার। এরা সবাই নলটোনা এলাকার বাসিন্দা।
বরগুনা জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিন থেকেই বরগুনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীতে একটি অভিযান পরিচালনা করা হয়। গতকাল নলটোনা নামক এলাকা সংলগ্ন বিষখালী নদীতে জাল ফেলে ছোট ট্রলারের দিয়ে অসাধু জেলেদের মাছ ধরতে দেখা যায়। পরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়। জেলায় এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে ৫৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ