মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর) দিনাজপুর:
বৃহত্তর দিনাজপুর জেলার বিরামপুরের ঐতিহাসিক রেলস্টেশনকে আধুনিকায়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্ট। এ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন, অপারেশনস উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরামপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে পেশাজীবী ঐক্য ফ্রন্টসহ শহরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
তাদের দাবি, বর্তমানে বিরামপুর স্টেশন থেকে মোট ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস-এর মতো গুরুত্বপূর্ণ ট্রেন দুটি এখানে যাত্রাবিরতি দেয় না। পেশাজীবী ঐক্য ফ্রন্টের দাবি, এই দুই ট্রেনের যাত্রাবিরতি প্রদান করা হলে রংপুর বিভাগের যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং বৃহত্তর ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাবান্ধা ও ঢাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত আরও সুবিধাজনক হবে।
এই স্টেশন দিয়ে চলাচল করা ট্রেনগুলোর আসনসংখ্যা অপ্রতুল, যা বৃহত্তর দিনাজপুর জেলার পাঁচটি উপজেলার লক্ষাধিক মানুষের জন্য যথেষ্ট নয়। স্মারকলিপিতে দাবি করা হয়েছে চলমান ট্রেনগুলোর আসনসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনে নতুন ট্রেন চালু করা হোক।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ