জেলা প্রতিনিধি(বরিশাল):
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন চিকিৎসক ও একজন স্টাফসহ অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় রবিবার শক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং একজন চিকিৎসক, একজন স্টাফ ও একজন নারী আহত হন। তিনি আরও জানান, আহতদের মধ্যে দুইজন তাঁর সঙ্গে দেখা করেছেন। এরপর হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিরাপত্তার দাবিতে কর্মবিরতির বিষয়ে অনুরোধ জানান। তবে তিনি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। এবং রোগীদের সেবা অব্যাহত রাখতে বলেছেন।
হাসপাতালের মিডলেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, একজন চিকিৎসকের মাথা ফাটানো হয়েছে, আরেকজনের পায়ে আঘাত করা হয়েছে, একজন স্টাফও গুরুতর আহত। এ অবস্থায় জরুরি বিভাগ ও ভর্তি বিভাগ ব্যতীত সবকিছুতে আমরা কর্মবিরতিতে যাচ্ছি।
আন্দোলনের প্রধান সংগঠক মহিউদ্দিন রনি জানান, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং স্বাস্থ্যখাত সংস্কার দাবির যৌক্তিক অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসেইন বলেন, দুই-একজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলেও আমরা তা নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে হাসপাতালে শান্ত পরিবেশ বিরাজ করছে। #