নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এসময় মিছিলে নেতাকর্মীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা একপর্যায়ে জাপা কার্যালয়ের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে।
এর আগে, গতকাল রাতে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ বিকেল পৌনে ৪টার দিকে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।