শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে অপর ট্রেনের নিচে পড়ে সবজি বিক্রেতা জালাল উদ্দীন (৪৫) নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের তৈয়ব উদ্দিনের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের পরিদর্শক আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেনের নিচে পড়ে জালাল উদ্দীন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ১২ টার দিকে তাঁর মৃত্যু হয়। জালাল উদ্দিন গফরগাঁও থেকে সবজি এনে শ্রীপুর বাজারে বিক্রি করতো বলে স্থানীয়রা জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্ত:নগর ব্র²পুত্র এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। সবজি বিক্রেতা জালাল উদ্দীন ওই ট্রেনে উঠার জন্য দৌড়ে যাচ্ছে। এসময় ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেন ছেড়ে দিলে জালাল উদ্দীন পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম