নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুলের ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সৈয়দপুর সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নূরুল আবসার প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান ও কর্নেল কমান্ড্যান্ট অব দি কোর অব ইএমই মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এনডিসি, এএফডবিøউসি, পিএসসি।
এ সময় সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেছ খান, এসইউপি, পিএসসি উপস্থিত ছিলেন।
এছাড়াও সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের সামরিক ব্যক্তিবর্গ এবং নবীন সৈনিকদের অভিভাবকগণ উপস্থিত থেকে মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন তারা।
ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ চলতি বছরের গত ৯ ফেব্রæয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৩৬ সপ্তাহব্যাপী সামরিক প্রশিক্ষণে অংশ নেয়া ৩৪৭ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করেন।
এ প্রশিক্ষণে রিক্রুট নম্বর ২৮৬৯২ রিক্রুট (টিএভি) মো. তানভীর আহমেদ সার্বিকভাবে শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট নম্বর ২৮৬৩৬ রিক্রুট এএফএম (এসি) মো. আকাশ সার্বিকভাবে দ্বিতীয় রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।
এসব নবীন সৈনিকদের মধ্যে ২৯ জন মহিলা এবং ৩১৮ জন পুরুষ রয়েছেন। ইএমই কোরের নবীন সৈনিকদের বিভিন্ন কারিগরী, সাধারণ এবং অন্যান্য পেশা বরাদ্দ করা হয়েছে।