শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে শ্রীপুর পৌরসভার ওয়াদ্দাদিঘী মাঠে উঠান বৈঠকে তিনি ভোট প্রার্থনা করেন।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পরাশের সঞ্চালনায় গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জনগণের সামনে তুলে ধরেছেন। যাতে মানুষ জানতে পারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র দৃষ্টিভঙ্গি কী। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।
সভায় মুহামম্মদ আক্তারুল আল মাস্টার বলেন, ৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটেছে। এর মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতি দমন ও নাগরিক অধিকারের নিশ্চয়তা। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তারেক রহমানের ৩১ দফাই এখন দেশের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতি করে। জনগণের সমস্যা ও কষ্ট লাঘবে বিএনপি বদ্ধপরিকর। দেশের মানুষ উন্নয়নের গল্প শুনেছে অনেক, এবার বাস্তব উন্নয়ন চায়।