মোঃ সেলিম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বহিষ্কৃত যুবদল নেতা সাত মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলম মিন্টুকে (৪০) আটক করে পুলিশে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (বৃন্দাবন) গ্রাম থেকে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে আটক করা হয়। বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টায় তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে আসে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে। সে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত ফেব্রæয়ারী মাসে তার সমর্থকদের নিয়ে মাথায় গামছা বেঁধে এবং হাতে রাম দা নিয়ে প্রকাশ্যে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবীতে মিছিল করে। ওই ঘটনার পর তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, জাহাঙ্গীর আলম মিন্টু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সকালে দলীয় নেতা-কর্মীরা জানায় সাত মামলার পলাতক আসামী মিন্টু বৃন্দাবন এলাকায় আত্মগোপনে আছে। তাদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় জনতা এবং নেতাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জাহাঙ্গীর আলম মিন্টুর বিরুদ্ধে বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ৭ টি মামলা রয়েছে। সে পলাতক থাকা অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রæয়ারি বিকেলে এমসি বাজারে তার সমর্থকদের নিয়ে মাথায় গামছা বেঁধে এবং হাতে রাম দা নিয়ে প্রকাশ্যে চাঁদার দাবীতে মিছিল করে। পরে বাজারের স্বপ্নপুরী হোটেলের সামনে সমাবেশ করে হ্যান্ড মাইক দিয়ে সকল ব্যবসায়ীকে তার লোকজনদের কাছে চাঁদা দেওয়ার দাবী জানায়।