বরিশাল জেলা প্রতিনিধি:
‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ এবং ঐতিহাসিক জুলাই আন্দোলন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।
শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। কর্মসূচিতে জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর সদস্যদের সম্মান জানানো হয়।
সমাবেশে অংশ নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও ঘোষণাপত্রকে স্থায়ী রূপ দেওয়ার দাবি জানান। তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী শাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছিল একটি ঐতিহাসিক প্রতিরোধ; শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে লক্ষ্যে জাতীয় ঐক্য জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা খানম নাসরিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন, এবং নারী আনসার প্রতিনিধি সালেহা আক্তার (কনক)।
অনুষ্ঠানে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে জুলাই আন্দোলনে শহীদ ৩০টি পরিবারের সদস্য এবং আহতদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের যোদ্ধাদের রক্ত যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।