এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবার, ২০০ একর কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান মালিকরা । সোমবার কলাগাছের ভেলায় ভেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গণগবেষক মোসাঃ হালিমা আয়শা। এসময় বক্তব্য রাখেন শাহীন মোল্লা, বেল্লাল হোসেন, রবিউল আউয়াল অন্তর, যুবক মল্লিক, রোকেয়া বেগম, ৩য় শ্রেণির ছাত্র নাইম, গণগবেষক মেহেদী হাসান ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা জানান, চার দশক ধরে বসবাস করলেও এই এলাকার মানুষ জোয়ার-ভাটায় ডুবি-ভাসি জীবনযাপন করছে। ঘূর্ণিঝড়, অস্বাভাবিক জোয়ার, অমাবস্যা-পূর্ণিমার প্লাবনে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, স্কুল ও কৃষিজমি তলিয়ে যায়। শিশুদের স্কুলে যাওয়া, রান্নাবান্না, অসুস্থ ও গর্ভবতী নারীদের চিকিৎসা গ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তাই ক্ষতিগ্রস্তরা দক্ষিণে এডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তরে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সুইজগেসহ টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।