বেড়েছে প্রবাসী আয়, আগস্টের ২৩ দিনে এসেছে ১৭৪ কোটি ডলার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৩ দিনে বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৩৩২ কোটি ৯২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।তবে উল্লেখযোগ্য বিষয় হলো—এ সময়ে সরকারি ও বেসরকারি ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের ২৩ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা আগের বছর একই সময়ের চেয়ে বেশি। এ সময়ে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ডলার।

এর আগের মাস অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে সেই মাসেও ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা বছরের রেকর্ড ছিল। পুরো অর্থবছরজুড়ে (২০২৪-২৫) ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছর ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আসা বেড়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ