আক্তারুল ইসলাম (সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রি ইমরান হোসেন (২৭) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দুই কন্যা সন্তানের জনক ইমরান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী, সন্তান ও মা-বাবা অসহায় হয়ে পড়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, ২৪ আগস্ট সকালে ইমরানের এক ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোন করে ডেকে নেয়। ইমরান বের হওয়ার সময় স্ত্রী-সন্তানের সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেন, বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেঁদানা নিয়ে ফিরবো।পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও ইমরান বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রিপন আমার ছেলেকে ডেকে নিয়ে গেছে,এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।এদিকে স্থানীয়দের দাবি, ঘটনাটি একটি নৃশংস হত্যাকান্ড। তারা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিদাবি জানিয়েছেন ।
এ ঘটনায় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে একটির মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।