ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ফেসবুক পোস্টে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য (কমেন্ট) করার অভিযোগ ওঠার পর সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাকে নিয়ে যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ফেসবুকের ওই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে।
এ নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকার মধ্যে শামীম আশরাফকে আটকের তথ্য দেয় পুলিশ। আটক হওয়ার আগে ‘শামীম আশরাফ’ পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। সেখানে লেখা হয়, ‘আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
জেলা ডিবির (দক্ষিণ) ওসি মহিদুল ইসলাম বলেন, শামীম আশরাফ অবমাননাকর কথাবার্তা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা করায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক শামীম আশরাফকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম