কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মহাসড়ক দিয়ে যাত্রীবেশে অভিনব কৌশলে পাচারকালে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ পাচারকারী মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানিয়েছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের নির্দেশে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন থানার এসআই আবুল খায়ের ও এসআই মোঃ সোহরাব সাকিবসহ পুলিশের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত দুই পাচারকারী হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। বর্তমানে তাঁরা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করে আসছেন। পুলিশ জানায়, অভিযানের সময় পাচারকারী স্বামী স্ত্রীর হেফাজতে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা বড়ি, একটি বাটন ফোন এবং পাচারকাজে ব্যবহৃত একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।