মুখে হাসি নেই হাকিমপুরের পান চাষিদের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহ্ আলম মন্ডল(বিরামপুর)দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এ বছর অনুকূল আবহাওয়ার কারণে পানের বাম্পার ফলন হয়েছে। হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের মাঠজুড়ে এখন সবুজে মোড়া পানের বরজ। চারদিকে ছড়িয়ে পড়েছে পানপাতার সজীব সুবাস। কিন্তু ফলন ভালো হলেও বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় চাষিদের মুখে হাসির বদলে নেমে এসেছে হতাশার ছায়া।
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পান। আতিথেয়তা, ধর্মীয় অনুষ্ঠান কিংবা সামাজিক আড্ডায় পান অপরিহার্য এক উপাদান। তাই এ ফসলের ভালো ফলনে চাষিরা আশায় বুক বেঁধেছিলেন, হয়তো এবার পরিশ্রমের ফল মিলবে, কিছুটা ঘুরে দাঁড়ানো যাবে। কিন্তু বাজারে পানপাতার দর পড়ে যাওয়ায় সেই আশা এখন ¤øান হয়ে গেছে।
মাধবপাড়া গ্রামের পানচাষি মাইদুল শেখ বলেন, এখন পান বিক্রি করে কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান দিতে হচ্ছে। সার, কীটনাশক, সেচ আর শ্রমিকের মজুরি, সবকিছুর দাম বেড়েছে। আগে যে পানে ৫০ টাকা পাওয়া যেত, এখন সেটি ২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে খরচও উঠছে না।
একই এলাকার চাষি তারিকুল ইসলাম জানান, আমাদের পান বেশ ভালো ফলেছে, কিন্তু বাজারে দাম নাই। ১০০ পিস পান এখন ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগের বছর এই দামে অর্ধেক পানও পাওয়া যেত না। খরচ মেটাতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, পানচাষ একটি পরিশ্রমসাপেক্ষ ফসল। কৃষি অফিস থেকে আমরা নিয়মিত মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। এবার ফলন সত্যিই ভালো হয়েছে। তবে দামের বিষয়টি বাজারের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় প্রায় ৪০ হেক্টর জমিতে পানচাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় ৫৪০ মেট্রিক টন। এ অঞ্চলের অধিকাংশ পরিবার বংশ পরম্পরায় পানচাষের সঙ্গে জড়িত এবং অনেকে এটিকেই জীবিকার প্রধান উৎস হিসেবে ধরে রেখেছেন।
ভালো ফলনের মাঝেও যখন চাষির মুখে হাসি নেই, তখন স্পষ্ট হয়। কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। পানের মতো ঐতিহ্যবাহী এই ফসলের টিকে থাকার জন্য প্রয়োজন সরকারি সহায়তা, ন্যায্য দাম ও সুষ্ঠু বাজারব্যবস্থা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ