মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৩১/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরল উপজেলার খেপড়া নামক সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আলম (২৫), মো. মুনির আলী (২৪), মকলেস (২১), মো. ওয়াসিম (২০), মো. নুর আলী (২০), মো. জুবায়ের হোসেন (১৯) এবং মো. হাবিবুর রহমান (১৮)। আটককৃত সবাই ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম