নিজস্ব প্রতিবেদক
দেশের পর্যটন শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। রোববার টোয়াব কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ (হ্যান্ডওভার-টেকওভার) অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় টোয়াবের সাবেক ও বর্তমান পরিচালক, সদস্য এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর সভাপতি মোহাম্মদ হানিফ ভোটার ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের প্রচার, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও আধুনিক ও গতিশীল সংগঠনে পরিণত করতে নতুন পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিকে নতুন কমিটির অগ্রাধিকার দেওয়া হবে। বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রায় সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। ওই নির্বাচনে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মোহাম্মদ হানিফ নির্বাচিত হন। নতুন পরিচালনা পর্ষদে প্রথম সহ-সভাপতি সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি (১) মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি (২) জিয়াউর রহমান জাকির, অর্থ পরিচালক জহির আহমেদ হেলাল, হিসাব পরিচালক মো. জহির উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মো. ফিরোজুল ইসলাম, মিডিয়া ও জনসংযোগ পরিচালক মো. মিজানুর রহমান, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক নাঈমুল হাসান, তথ্যপ্রযুক্তি পরিচালক মোমিনুল ইসলাম আসিফ, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক এ. বি. এম. জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক শাখওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পরিচালক পদে মো. মহি উদ্দিন সেলিম, তামিম আহমেদ ও মো. নুরুল আনোয়ার এবং সহযোগী সদস্য গ্রুপের পরিচালক হিসেবে মো. নাসির উদ্দিন বাদল নির্বাচিত হয়েছেন।