নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ান জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ চিকিৎসক ধনদেব বর্মণ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে।
হাসপাতালের কক্ষে টেবিল কেন রাখাএ বিষয়ে জানতে চাইলে চিকিৎসকের সঙ্গে ডিজির কথা কাটাকাটি শুরু হয়। ডিজি বলেন, ‘আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, হুঁশ করে কথা বলবেন।’ তিনি সঙ্গে থাকা কর্মকর্তাদের ঘটনাটি ভিডিও করতে বলেন। ডিজি আরও মন্তব্য করেন, যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে ?
জবাবে চিকিৎসক ধনদেব বর্মণ বলেন, রোগীর সঙ্গে আমি ভালো ব্যবহার করি, কিন্তু দায়িত্বে থাকা অনেকের সঙ্গে আমার ব্যবহার ভালো হয় না। তিনি আরও অভিযোগ করেন, ঢাকায় তিন দিনের ট্রেনিং করেছি, আপনার দুদিন আসার কথা ছিল, একদিনও আসেননি। আমাকে সাসপেন্ড করেন, সমস্যা নেই। পরিস্থিতি উত্তপ্ত হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক জাকিউল ইসলাম গিয়ে দু’পক্ষকে শান্ত করেন।
পরিদর্শন শেষে ডিজি সাংবাদিকদের বলেন, দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ সবসময়ই ধারণক্ষমতার বেশি। হাসপাতাল সংখ্যা ও জনবল বাড়ানো জরুরি। সারা দেশে প্রায় ১৫ হাজার রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান। পরে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র-সংক্রান্ত রোগের চিকিৎসা বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিজি মো. আবু জাফর। অনুষ্ঠানে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ