নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকায় বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের প্রথমবারের মতো একই প্ল্যাটফর্মে আনতে ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ বিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজন করা হচ্ছে।
সংশ্লিষ্ট স‚ত্র জানায়, ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান বৈঠক আয়োজনের জন্য ইতোমধ্যে নোটিশ জারি করেছেন। আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানীতে বাসা ভাড়ার চাপ ও ভাড়াটিয়াদের জীবনযাত্রার ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাসা ভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। যা নিত্যপণ্যের ম‚ল্যবৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ। সংগঠনটির আরেক তথ্য বলছে, ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের অর্ধেক পর্যন্ত ব্যয় করেন বাসা ভাড়ায়। ১২ শতাংশ ভাড়াটিয়া ভাড়া দিতে তাদের আয় ৭৫ শতাংশ পর্যন্ত খরচ করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের ৭২ শতাংশই ভাড়াটিয়া। নিজ বাসায় থাকেন মাত্র ২৫.৮৫ শতাংশ মানুষ। বিবিএস আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বরে শহরে বাড়ি ভাড়া বেড়েছে ৫.৮৯ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, দ্রæত জনসংখ্যা বৃদ্ধি ও সীমিত আয়তনের চাপেই বাড়ছে ভাড়ার অস্বাভাবিক প্রবণতা। বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করছে ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটারে ঘনত্ব ৪৩ হাজার ৫০০ জন। ডিএনসিসির এ গোলটেবিল বৈঠকে ভাড়াবাজারের নীতি, মালিক-ভাড়াটিয়া সম্পর্ক, ভাড়া নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকারের বিষয়ে সুপারিশ আসার প্রত্যাশা করা হচ্ছে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম