সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ) :
আগামী ৩০ আগস্ট ময়মনসিংহ টাউন হলের “তারেক স্মৃতি অডিটরিয়ামে” জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল । এতে দেশের সমতল অঞ্চলের ১২টি জেলার প্রতিনিধিরা অংশ নেবেন । সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ।
বুধবার ( ২৭ আগস্ট) ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। তিনি বলেন, জিয়াউর রহমান সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়ে সম্মিলিত জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন।
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাদের রাজনৈতিক রোল মডেল। বিশেষ করে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সঙ্গে তাদের অঙ্গীকার গভীরভাবে যুক্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ।