আহমদ বিলাল খান:
শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ—তাদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই আমরা একটি আলোকিত ভবিষ্যতের বীজ বপন করছি। এভাবেই শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ হাবীব আজম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাঙামাটি শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ছবকদান ও নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবীব আজম বলেন, বই শুধু পরীক্ষায় পাস করার উপকরণ নয়; বই মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। শিক্ষার মাধ্যমেই মানুষ ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম ধারণ করতে হবে। একজন ভালো মানুষ না হলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। তাই শিক্ষাকে জীবনের মূল শক্তি হিসেবে গ্রহণ করার আহŸান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উদ্দীপনা। আয়োজকরা জানান, বছরের শুরুতেই বই বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়াবে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রাঙামাটির শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে আল- আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, ইসলামিক সেন্টার রাঙামাটির ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, আল-আমিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: জাহাঙ্গীর আলম, সহ: অধ্যাপক মাও: মো. ইসমাঈল, পরিচালনায় ছিলেন মাও: মাহতাব উদ্দিন। এছাড়াও অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। #