সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। শনিবার সকালে সোনারগাঁয়ের জি আর ইন্সটিটিউট এর মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া কলিমুল্লা কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের প্রিন্সিপাল ডঃ নুরে আলম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এর আগে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডা. গাজী জাহাঙ্গীর। এ পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ আহমেদুল কবির মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ সংঘের সহসভাপতি কাজী আলমগীর এবং সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন।